|
গত এক বছরে
ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বিডিএনএন২৪,
ঢাকা (বুধবার ৬ জুন ২০১২, ২৩ জৈষ্ঠ্য ১৪১৯, ১৫ রজব ১৪৩৩):-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মান অনুসরণ না করা এবং ভেজাল
ও নিম্ন মানের ওষুধ উৎপাদন করায় গত এক বছরে ২০টি ওষুধ উৎপদনকারী
প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য পরিবার
কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সরকারি দলের অপু উকিলের এক
লিখিত প্রশ্নের জবাবে আজ সংসদে এ কথা জানান। তিনি জানান, দেশে
বর্তমানে মোট ৮৩৭টি নিবন্ধিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
রয়েছে। এর মধ্যে এলোপ্যাথিক ২৬৫টি, ইউনানী ২৬৮টি, আয়ুর্বেদিক
২০২টি, হোমিওপ্যাথিক ৭৯টি ও হারবাল ২৩টি।
স্বাস্থ্যমন্ত্রী সরকারি দলের ফজিলাতুন নেসার এক প্রশ্নের জবাবে
বলেন, রোগীদের সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে
ডাক্তারদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর
নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের
এমআইএস শাখায় একটি মনিটরিং সেল গঠন করার পাশাপাশি মনিটরিং
কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, ওয়েবক্যাম-এর মাধ্যমে
জেলা-উপজেলা ও তৃণমূল পর্যায় পর্যন্ত ডাক্তার, নার্স ও
অন্যান্য কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিদিন
পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপস্থিত তালিকা স্বাস্থ্য পরিবার
কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও বিভাগীয় পরিচালকদের (স্বাস্থ্য)
কাছে পাঠানো হয়। এর ফলে ডাক্তারদের কর্মস্থলে উপস্থিতি
উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে।
|