|
নিবন্ধিত
এনজিও’র সংখ্যা ২ হাজার ১৩৭টি : মতিয়া চৌধুরী
বিডিএনএন২৪,
সংসদ ভবন (সোমবার ১৮ জুন ২০১২, ৩ আষাড় ১৪১৯, ২৭ রজব ১৪৩৩):-
বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও’র সংখ্যা ২
হাজার ১৩৭টি। সংসদ কার্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের
দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আজ সংসদে বিএনপি
দলীয় সদস্য বেগম নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে আরো
বলেন, বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত দেশী এনজিও ১
হাজার ৯২৭টি এবং বিদেশী এনজিও ২১০টি।
কৃষিমন্ত্রী বলেন, যেসব এনজিও বৈদেশিক অনুদান নিয়ে
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে শুধুমাত্র সেগুলো
এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনপ্রাপ্ত। তিনি বলেন, ২০১০-১১
অর্থবছরে ৬৩৮টি এনজিও তাদের প্রকল্প বাস্তবায়ন শেষে অডিট
প্রতিবেদন সরকারের কাছে অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরোতে দাখিল
করেছে। মন্ত্রী বলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ (এনজিও)
তাদের প্রকল্প বাস্তবায়ন শেষে কর্মতৎপরতা সম্পর্কে অডিট
প্রতিবেদন সরকারের কাছে অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরোর কাছে পেশ
করে থাকে। বেগম মতিয়া চৌধুরী বলেন, বর্তমানে বৈদেশিক অনুদান
প্রদানকারী দাতা সংস্থার সংখ্যা ৬১২টি। এসব দাতা সংস্থা সময়ে
সময়ে বিভিন্ন এনজিওকে অনুদান প্রদান করে থাকে।
|