|
সকল সাংবাদিক হত্যার
বিচার দাবি করেছে বিএফইউজে-ডিইউজে
বিডিএনএন২৪, ঢাকা (বৃহষ্পতিবার ২১ জুন ২০১২, ৬ আষাড় ১৪১৯, ৩০ রজব ১৪৩৩):-
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
নেতৃবৃন্দ অবিলম্বে সাগর সারোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার
বিচার দাবি করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের
স্বার্থে সব সরকারের সময়ের সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ২১ জুন
সাংবাদিক নির্যাতন বিরোধী দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান।
১৯৯২ সালে তৎকালীন
বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নির্দেশে জাতীয়
প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে
সাংবাদিকরা প্রতি বছর এ দিনটি পালন করে। ডিইউজে’র সভাপতি ওমর ফারুকের
সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের ইউনিয়ন অফিসে বিএফইউজে ও ডিইউজে’র যৌথ
উদ্যোগে এ আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা
করেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া,
ডিইউজে’র সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম
শাহজাহান মিঞা ও আলতাফ মাহমুদ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম
ভূঁইয়া, ড. উৎপল কুমার সরকার, সাইফুল ইসলাম তালুকদার, আতাউর রহমান, আবদুল
মজিদ, সোহেল হায়দার চৌধুরী, খন্দোকার মোজাম্মেল হক, আবুল কালাম, রহমান
মুস্তাফিজ, মুফদি আহমেদ ও অহিদুজ্জামান মিঞা প্রমুখ।
বক্তারা বলেন, অধিকাংশ
বর্বরোচিত সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছে বিএনপি-জামায়াত জোট
সরকারের আমলে। অথচ সে সময়ের সরকার এ সকল হত্যা ও হামলার ঘটনার বিচারের জন্য
কোনো উদ্যোগ নেয়নি। ১৯৯২ সালের ২১ জুনের বর্বরোচিত ঘটনা স্মরণ করে সাংবাদিক
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর
হামলাকারীদের বিচার করার প্রতিশ্রতি রক্ষা করেননি। এ কারণে ২০০৪ সালে
চট্টগ্রামে পুলিশ পুনরায় সাংবাদিকদের ওপর হামলা চালায়। সাংবাদিক নেতৃবৃন্দ
সংবাদপত্র সেবীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদ্য গঠিত
বোর্ড শিগগির কর্মকান্ড শুরু করবে এবং সংবাদপত্রসেবীরা তাদের প্রত্যাশিত
সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
|