|
তত্ত্বাবধায়ক সরকার নয়
সাংবিধানিক স্বীকৃত ব্যবস্থার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে : আমু
বিডিএনএন২৪, সংসদ ভবন
(মঙ্গলবার ২৬ জুন ২০১২, ১২ আষাঢ় ১৪১৯, ৫ শাবান ১৪৩৩):- সরকারি দলের সিনিয়র
নেতা আমির হোসেন আমু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, সাংবিধানিক স্বীকৃত
ব্যবস্থার মাধ্যমেই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আজ সংসদে
২০১২-১৩ সালের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশগ্রহণ করে এ কথা বলেন। তিনি
বলেন, বিএনপি প্রস্তাবিত বাজেটকে রাজনৈতিক ও নির্বাচনমুখী মন্তব্য করে সত্যি
কথাই বলেছে। কারণ রাজনৈতিক ও নির্বাচনমুখী হতে হলে অবশ্যই জনকল্যাণমুখী হতে
হয়। বিএনপি মনের অজান্তে হলেও বলতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ জনকল্যাণ কাজে
ব্যস্ত।
তত্ত্বাবধায়ক সরকার
সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিএনপির প্রামাণ্য চিত্র
নির্মাণের ঘোষণাকেও সাধুবাদ জানিয়ে এই প্রবীণ নেতা বলেন, কাজটি যদি সঠিকভাবে
করেন তাহলে জনগণের কাছে আমাদের কথা বলার প্রয়োজন হবে না। তিনি বলেন, তবে
আমাদের নেত্রী যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন তার পাশাপাশি বেগম
খালেদা জিয়া কি বলেছিলেন তা সঠিকভাবে তুলে ধরতে হবে। আওয়ামী লীগের
তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, আমরা তিন জোটের
রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিলাম। রূপরেখায়
পর পর তিন বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও
’৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে এই ব্যবস্থা বিলুপ্ত করে।
আমির হোসেন আমু বলেন,
আমরা সেই সময় তাদেরকে বিশ্বাস করলেও মাগুরা উপ-নির্বাচনে যা করা হয়েছে তাতে
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা তিরোহিত হয়ে যায়। সেদিন শেখ হাসিনা
তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে বাধ্য হয়েছিলেন এবং মাগুরাতে বসেই তিনি
সেই আন্দোলনের সূচনা করেন। আমু অভিযোগ করেন বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকারের
আন্দোলন করছেন না। তিনি দুর্নীতিবাজ দুই পুত্র এবং যুদ্ধাপরাধীদের রক্ষার
আন্দোলন করছেন। আমির হোসেন আমু বর্তমান সরকারের সাড়ে তিন বছরের বিভিন্ন
উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম ঐক্যবদ্ধভাবে
গতবার যেভাবে শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছেন আগামী নির্বাচনেও তা করবেন।
|